ধর্ম পালনে স্বাধীনতা থাকা উচিত নাকি সকলকে ধর্ম পালনে বাধ্য করা উচিত?
ভারত-বাংলাদেশের বহু মানুষ ধর্মবিশ্বাস এবং রাজনীতি পৃথক পরিসরে থাকুক মন থেকে চান। ইন্টারনেটের বিভিন্ন ব্লগ সাইটে গেলে নামসহ প্রকৃত সমীক্ষা পাবেন। বিদেশে কাজ করতে চাইলে সকলে ইউরোপ-আমেরিকা-অস্ট্রেলিয়ার মত প্রথম সারির উন্নত দেশেই যেতে চান। সেসব দেশগুলো না হিন্দু রাষ্ট্র না ইসালামিক রাষ্ট্র। অনেকে উন্নত রাষ্ট্রে যেতে না পেরে বাধ্য হয়ে সৌদি আরব কিংবা মালয়েশিয়া যান। নিজেরা আপন দেশে উপার্জন করতে পারেন না, বাস করতে পারেন না। কিন্তু মন থেকে চান ধর্মীয় বিধান অনুযায়ী রাষ্ট্র নির্মাণ হোক। জনগণ দরিদ্রতা, অন্ধবিশ্বাস, কুসংস্কার নিয়ে লড়াই করুক, পচে মরুক। এমন দ্বিচারিতা কেন? কেন নিজেরা নিজধর্মের মানুষের সাথে বাস করতে পারেন না? কারণ ধর্মবিশ্বাস দিয়ে জীবন-জীবিকা চলে না। ঈশ্বর-আল্লাহ্ নেমে এসে কিছুই করে দেন না। নিজেকে সংঘর্ষ করে সব বন্দোবস্ত করতে হয়। ধর্ম ব্যক্তিগত বিশ্বাস হিসেবে থাকুক। যার পালন করবার ইচ্ছে হবে পালন করবে, যার ইচ্ছে হবে না করবে না। কেউ পালন করলে বাধা দেবে না, না করলে বাধ্য করবে না। ঈশ্বর-আল্লাহ্ নিয়ে কেউ কটূক্তি করলে হত্যা-হুমকিই বা কেন? যারা মন থেকে ধর্মবিশ্বাস রাখেন তারা ঠিকই পালন করবেন। কাউকে ধর্মপালনে বাধ্য করবার অর্থ অপরের জীবনে হস্তক্ষেপ করা। অনেকে মনে করেন ব্যক্তি-স্বাধীনতা প্রদান করলে কেউ ধর্মপালন করতে চাইবে না। এর অর্থ দাঁড়াবে মানুষ ধর্মবিশ্বাস পালন করে আশাহত হচ্ছেন, তাই পালন করতে চান না। মৃত্যুর পর কেউ নরক যন্ত্রণা ভোগ করেছেন এমন প্রমাণও কেউ দেখাতে পারেননি। তাহলে কঠোরতা কেন? যার পাপপুণ্য সে বুঝে নেবে, তার মৃত্যুর পর ঈশ্বর-আল্লাহ্ বুঝে নেবেন। অপরজন কি করছে হস্তক্ষেপ করা মোটেই সমীচীন নয়। বাস্তবিক জীবনে সুখসুবিধা ক্রয় করতে অর্থের প্রয়োজন হয়। অর্থ নিজেকেই যোগাড় করতে হয়। বাস্তবে দেখতে পাওয়া যাচ্ছে মানুষের প্রয়োজন উন্নত-আধুনিক-সুরক্ষিত জীবন। যারা উন্নত রাষ্ট্রে বাস করছেন, মোটা আয় করছেন, আধুনিক-সুরক্ষিত জীবন উপভোগ করছেন, বিষয়-সম্পদ ক্রয় করছেন তারা একথা কেন বলেন না? খ্রিষ্টানরা একসময় প্রচণ্ড গোঁড়া ছিল। ধর্ম অবমাননাকারীদের বীভৎস অত্যাচার করেছে, হত্যা করেছে। আজ তারা সীমিত আকারে ধর্মপ্রচার কিংবা ধর্মান্তরিত করলেও বাড়িঘর পুড়িয়ে দেয় না, কাউকে ভিটেমাটি ছাড়তে হয় না, হত্যা-হুমকি পেতে হয় না, প্রাণ সংশয় হয় না। তারা কঠোরতা থেকে সরে এসেছে। অপর দেশের মানুষদের কাজের এবং বসবাসের সুযোগ দিচ্ছে। এটা শেখার। ধর্মের ভিত্তিতে রাষ্ট্র নির্মাণ হলে ধর্মগুরু এবং নেতানেত্রীরাই বিলাসবহুল জীবন পাবেন। প্রমাণও চোখের সামনেই রয়েছে। ভক্ত ও ভোটার যেমন আছেন তেমনই থাকবেন। রাষ্ট্রের নির্মাণ হোক জাতি, ধর্ম, ভাষা, সংস্কৃতি, দলমত নির্বিশেষে সকলের শিক্ষণ-প্রশিক্ষণ, কর্মসংস্থান, সুখসুবিধা এবং সুরক্ষার ভিত্তিতে। ধর্মবিশ্বাসের ভিত্তিতে নয়।
সংক্ষিপ্ত বিশ্লেষণ পয়েন্ট:
1. ধর্ম ও রাষ্ট্রের বিভাজনের প্রয়োজনীয়তা:-
লেখকের মতে, ধর্মীয় বিশ্বাস ব্যক্তিগত পর্যায়ে সীমাবদ্ধ রাখা উচিত; রাষ্ট্রীয় পরিচালনা ধর্মনিরপেক্ষ ও বৈজ্ঞানিক চিন্তাভাবনার ভিত্তিতে হওয়া দরকার। - ধর্মের নামে রাষ্ট্র পরিচালনা করলে গরিবি, কুসংস্কার ও অন্ধবিশ্বাস বৃদ্ধি পায়, যা উন্নয়নে বাধা সৃষ্টি করে।
2. দ্বৈত মানসিকতা ও অভিবাসনের কারণ:-
ভারত-বাংলাদেশের বহু মানুষ ধর্মীয় রাষ্ট্র চাইলেও বাস্তবে অর্থনৈতিক সুযোগ-সুবিধা ও নিরাপত্তার জন্য ধর্মনিরপেক্ষ উন্নত দেশে (ইউরোপ, আমেরিকা) পাড়ি জমান। উন্নত দেশে যেতে ব্যর্থ হলে বাধ্য হয়ে ইসলামিক রাষ্ট্রে (সৌদি আরব, মালয়েশিয়া) কাজ নেন, যা তাদের আদর্শিক বিশ্বাসের সঙ্গে সাংঘর্ষিক।
3. ধর্মীয় জবরদস্তির সমালোচনা:-
ধর্ম পালনে বাধ্য করা বা ধর্ম অবমাননার শাস্তি দেওয়া ব্যক্তিস্বাধীনতার লঙ্ঘন। ইতিহাসে খ্রিস্টান সমাজও একসময় ধর্মীয় সহিংসতা চালালেও বর্তমানে তা প্রশমিত হয়েছে। ধর্মীয় নেতা ও রাজনীতিবিদরা ধর্মের নামে ক্ষমতা পুষ্ট হয়, কিন্তু সাধারণ মানুষ দারিদ্র্য ও সংকটে থাকে।
4. অর্থনৈতিক বাস্তবতা ও ধর্মের সীমাবদ্ধতা:
ধর্মীয় বিধান জীবনযাত্রার মৌলিক চাহিদা (আয়, শিক্ষা, স্বাস্থ্য) পূরণ করতে পারে না। উন্নত জীবনের জন্য অর্থনৈতিক সুযোগ প্রয়োজন, যা ধর্মনিরপেক্ষ রাষ্ট্রই নিশ্চিত করে। মানুষ "বাস্তব সুখ" (আধুনিক জীবন, সুরক্ষা) চায়, যা ধর্মীয় রাষ্ট্রের চেয়ে উন্নত দেশগুলিতে বেশি পাওয়া যায়।
5. সেকুলার রাষ্ট্রের প্রতি আহ্বান:-
রাষ্ট্রের ভিত্তি হওয়া উচিত শিক্ষা, কর্মসংস্থান, সমান সুযোগ এবং নাগরিক সুরক্ষা—ধর্ম, ভাষা বা সংস্কৃতি নয়। - সকলের সম্মিলিত প্রচেষ্টায় একটি অন্তর্ভুক্তিমূলক ব্যবস্থা গড়ে তোলাই লক্ষ্য হওয়া দরকার।
6. ধর্মীয় সহিংসতা ও যুক্তির অভাব:-
মৃত্যুপরবর্তী জীবন বা নরক-স্বর্গের কোনো প্রমাণ নেই; ধর্মের নামে হিংসা বা নিয়ন্ত্রণ যুক্তিহীন। - ব্যক্তির পাপ-পুণ্য তার নিজস্ব বিষয়; সমাজ বা রাষ্ট্রের এতে হস্তক্ষেপের অধিকার নেই।
7. ঐতিহাসিক উদাহরণ ও শেখার পাঠ:-
পাশ্চাত্য দেশগুলি ধর্মীয় গোঁড়ামি থেকে বেরিয়ে এসে সমৃদ্ধি অর্জন করেছে। এশিয়ার দেশগুলিরও এই মডেল অনুসরণ করা উচিত। 8. **রাজনৈতিক শোষণের চিত্র:** - ধর্মভিত্তিক রাষ্ট্রে নেতা ও ধর্মগুরুরা বিলাসবহুল জীবনযাপন করেন, কিন্তু সাধারণ জনগণ ভোট ও ভক্তির মাধ্যমে শোষিত হয়।
মূল বার্তা:
ধর্মীয় বিভাজন ও রাজনৈতিক ব্যবস্থা পরিহার করে মানবিক মৌলিক চাহিদা ও বৈজ্ঞানিক চিন্তাভাবনার ভিত্তিতে রাষ্ট্র গঠন করাই সমাজের উন্নয়নের একমাত্র পথ।
মতামত জানাতে সকলে স্বাগত।
আলোচনার জন্য যোগাযোগ- 9830925502.
***

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন