একটি বিকল্প অর্থনীতি কেন জরুরী?

মনুষ্য জীবনে অর্থনৈতিক অবস্থা-ব্যবস্থা অঙ্গাঙ্গীভাবে জড়িত। নিত্যদিনের প্রতিটি পদক্ষেপে অর্থ একটি জরুরী মাধ্যম। অর্থই সমস্ত কর্মকাণ্ডের ধারক এবং বাহক। আর্থিক স্বাচ্ছন্দ্যও সকলের প্রয়োজন। প্রশ্ন হচ্ছে, সকলে আর্থিক সচ্ছলতার চেষ্টা সাধ্যমত করলেও কেন প্রয়োজন-পূরণের বন্দোবস্ত সম্ভব হচ্ছে না। এক্ষেত্রে কে দায়ী? ব্যক্তির ব্যর্থতা নাকি অর্থনীতির অসম্পূর্ণতা? আর্থিক সচ্ছলতা কি মনুষ্য জীবনের উদ্দেশ্য নয়? “সকলের জন্য সুখসুবিধার বন্দোবস্ত সম্ভব নয়” এই সিদ্ধান্তটি কি কোথাও অর্থনৈতিক পরিকাঠামোকে বাধা প্রদান করেছে? যে ব্যবস্থা চলমান রয়েছে সেখানে সিংহভাগ সম্পদ গুটিকয়েক মানুষের কাছে কেন্দ্রীভূত রয়েছে। অপরদিকে সিংহভাগ নাগরিক আর্থিক সুখসুবিধার বাইরে অবস্থান করছে। চাহিদা অনুযায়ী সম্পদ সৃজনের অবকাঠামো এবং বিতরণের উপযুক্ত ব্যবস্থাপনা নির্মাণ করা সম্ভব হয়নি। ফলে জঙ্গলের পশুদের মত সম্পদ লুণ্ঠনের লড়াই যেন মনুষ্য সমাজেও বিদ্যমান রয়েছে। আর্থিক সুখ-স্বাচ্ছন্দ্যকে জীবনের মৌলিক উদ্দেশ্যের সাথে সামিল না করাই হয়তো ব্যবস্থাগত ত্রুটির পেছনে দায়ী।
মনুষ্য চেতনা যেমন জ্ঞান, কর্ম ও ভোগের ইচ্ছে দাবী করছে সেই অনুযায়ী ব্যবস্থা নির্মাণ করা হয়নি। সকলের প্রয়োজন পূরণের উদ্দেশ্যকে কেন্দ্রে রেখে আর্থিক অবকাঠামো নির্মাণ করা উচিত। অর্থ উপার্জনের ইতিবাচক কৌশলগুলি ব্যর্থ হলে তবেই মানুষ নেতিবাচক কৌশল অবলম্বনে বাধ্য হয়। সুবিশাল ভারতরাষ্ট্রে প্রয়োজনীয় বস্তু-পরিষেবা নির্মাণের প্রাকৃতিক সম্পদ এবং কর্ম সম্পাদনের জন্য মানব সম্পদের অভাব নেই। এমন অর্থনীতি সৃজন করা হয়নি যেন সকলে আর্থিক দিক দিয়ে সমৃদ্ধশালী হতে পারে। সকলের অর্থনৈতিক সুরক্ষা সুনিশ্চিত হলে দুর্নীতি কিংবা সম্পদ সঞ্চয়ের প্রয়োজনীয়তাও লোপ পাবে। দুর্নীতির মত প্রধান সমস্যাটিও ধাপে ধাপে থেকে নির্মূল হতে শুরু করবে। জাতি-ধর্ম-সংস্কৃতি ও দলমত নির্বিশেষে অর্থনীতিবিদদের সম্মিলিত উদ্যোগে একটি বিকল্প অর্থনৈতিক কাঠামো নির্মাণ করা যেন জরুরী হয়ে উঠেছে। যেখানে নারী-পুরুষ নির্বিশেষে প্রতিটি কর্মক্ষম নাগরিকের পছন্দ এবং যোগ্যতা অনুযায়ী উপযুক্ত আয়ের কর্মসংস্থান সুনিশ্চিত হবে এবং প্রতিটি পরিবার সমৃদ্ধশালী ও সুরক্ষিত জীবনযাপন উপভোগ করতে পারবে।
***

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

রাষ্ট্র ব্যবস্থায় যে অধিকারগুলো জন্মগতভাবে থাকা জরুরী

কিউবার ভয়াবহ অর্থনৈতিক সংকটের কারণ কী?

ব্যবস্থাগত অসম্পূর্ণতা নাকি নেতৃত্বের ব্যর্থতা?